রাজ্যের স্থায়ী ডিজিপি কে? নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি, দৌড়ে এগিয়ে কে?

রাজ্যে স্থায়ী পুলিশ ডিরেক্টর জেনারেল (DGP) নিয়োগ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন এবার মিটতে চলেছে। কেন্দ্র সরকারের তরফে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়ে যোগ্য আইপিএস অফিসারদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে। নবান্ন সূত্রের খবর, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত আইপিএস অফিসার ডিজি (DG) পদে উন্নীত হয়েছেন, তাঁদের সকলের নাম ও কাজের খতিয়ান ইউপিএসসির কাছে পাঠাতে হবে।

তালিকায় কার নাম এগিয়ে? নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই তালিকার এক নম্বরে রয়েছেন দুঁদে আইপিএস অফিসার অনুজ শর্মা। তিনি বর্তমানে দমকল বিভাগের ডিজি (DG Fire) পদে কর্মরত। এছাড়াও তালিকায় অন্যান্য অভিজ্ঞ অফিসারদের নামও থাকছে। আগামী শুক্রবারের মধ্যেই নবান্ন এই চূড়ান্ত তালিকা দিল্লির কাছে পাঠিয়ে দেবে বলে জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যকে তিনজনের একটি প্যানেল পাঠাতে হয় ইউপিএসসির কাছে, যেখান থেকে একজনকে স্থায়ী ডিজিপি হিসেবে বেছে নেওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগে এই স্থায়ী নিয়োগ প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব থাকে এই পদের ওপরেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy