বাংলার মনীষীদের ঐতিহ্য ও উত্তরাধিকার নিয়ে লড়াই দীর্ঘদিনের। এবার সেই লড়াইয়ে বড় চাল চালল বিজেপি। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগদান করলেন। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
সুমিত্র চট্টোপাধ্যায়ের এই যোগদান কেবলমাত্র রাজনৈতিক নয়, বরং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সাংস্কৃতিক বার্তা বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান নৈহাটি সংলগ্ন এলাকায় চট্টোপাধ্যায় পরিবারের বিশেষ প্রভাব রয়েছে। দলের একটি সূত্রের খবর, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সুমিত্র চট্টোপাধ্যায়কে কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রার্থী করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে বিজেপি নেতৃত্ব।
বিজেপিতে যোগ দেওয়ার পর সুমিত্র চট্টোপাধ্যায় জানান, “দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয়তাবাদী আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শ এবং ‘বন্দে মাতরম’-এর চেতনা আজ বিজেপির মধ্যেই সুরক্ষিত।” তৃণমূলের পক্ষ থেকে এই যোগদানকে বিশেষ গুরুত্ব না দিলেও, উত্তর ২৪ পরগনা ও সাংস্কৃতিক মহলে বিজেপির এই পদক্ষেপ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।