পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। ভোটার তালিকা সংশোধন (SIR) থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন—সব মিলিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা এখন তুঙ্গে। সূত্রের খবর, আগামী ১৪ মার্চের পর বা মার্চের তৃতীয় সপ্তাহেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন। বর্তমানে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যা সম্পূর্ণ হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
আগামী ৭ মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নতুন সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যেই এপ্রিলেই রাজ্যে একাধিক দফায় ভোটগ্রহণ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এবারের সবথেকে বড় চমক হতে পারে ভোটের দফার সংখ্যা। গতবার ২০২১ সালে ৮ দফায় ভোট হলেও, এবার কমিশন সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া ৩ থেকে ৪ দফার মধ্যে গুটিয়ে আনার পরিকল্পনা চলছে। যদিও স্পর্শকাতর বুথ এবং আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। ১ মার্চ থেকেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ শুরু হচ্ছে। প্রথম দফায় প্রায় ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে এলাকা দখল এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। মার্চ মাসের ১০ তারিখের মধ্যে এই বাহিনী পুরো রাজ্যে ছড়িয়ে পড়বে। নজিরবিহীন এই আগাম বাহিনী মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে, কমিশন এবার কড়া হাতেই বাংলার ভোট পরিচালনা করতে চায়।