বক্স অফিসে ঝড় তোলা ‘দ্য কেরালা স্টোরি’-র সাফল্যের পর এবার সিক্যুয়েল নিয়ে দানা বাঁধল তীব্র বিতর্ক। আগামীকাল, ২৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। কিন্তু মুক্তির ঠিক আগের মুহূর্তে আইনি জটে আটকে গেল আদাহ শর্মা অভিনীত এই সিনেমা। কেরালা হাইকোর্ট আপাতত এই ছবির স্ক্রিনিংয়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
বুধবার বিচারপতি বেচু কুরিয়ানের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। সরকার ও নির্মাতাদের মধ্যে দীর্ঘ বিতর্কের পর আদালত স্পষ্ট জানায়, দু’পক্ষের যুক্তি পুরোপুরি না শুনে ছবির মুক্তিতে সবুজ সংকেত দেওয়া সম্ভব নয়। নির্মাতারা দাবি করেছিলেন, মুক্তির দিন এক দিন পিছিয়ে গেলেও ব্যবসায়িক বড় ক্ষতি হবে। এতে বিরক্ত হয়ে বিচারপতি সাফ জানান, ব্যবসায়িক ক্ষতির দোহাই দিয়ে আদালতকে যেন বিভ্রান্ত বা তাড়া না দেওয়া হয়। আদালত প্রয়োজনীয় সময় নিয়েই রায় দেবে।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এই ছবিকে ‘U/A’ সার্টিফিকেট দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে আদালত। বিচারপতির প্রশ্ন, এমন বিতর্কিত বিষয়বস্তু হওয়া সত্ত্বেও কেন এটিকে ‘A’ সার্টিফিকেট দেওয়া হলো না? অন্যদিকে, ছবির শিরোনামে রাজ্যের নাম ব্যবহার করা নিয়ে আপত্তি উঠলে ‘দিল্লি বেলি’ বা ‘গো গোয়া গন’-এর মতো উদাহরণ টানে সেন্সর বোর্ড। আজ এই মামলার ফের শুনানি হওয়ার কথা রয়েছে, যার ওপর নির্ভর করছে আদাহ শর্মার এই বহুচর্চিত ছবির ভবিষ্যৎ।