আদালতের পর এবার পোস্ট অফিস! ভরদুপুরে রাজ্যজুড়ে বোমাতঙ্ক, হুলস্থুল কলকাতা থেকে জেলা

মঙ্গলবার আদালত দিয়ে শুরু, আর বৃহস্পতিবার টার্গেট হলো ডাকঘর ও পাসপোর্ট অফিস। সপ্তাহের ব্যস্ততম দিনে ভরদুপুরে কার্যত গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল ‘বোমাতঙ্ক’। আজ দুপুর ঠিক ১টা নাগাদ একটি ইমেইল আসার পরেই হুলস্থুল পড়ে যায় প্রশাসনের অন্দরে। কলকাতার কসবার রুবির মোড় সংলগ্ন পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া ও কৃষ্ণনগরের একাধিক পোস্ট অফিসে দ্রুত তল্লাশি শুরু হয়।

হুমকি মেইল পাওয়া মাত্রই নিরাপত্তার স্বার্থে দ্রুত কর্মী ও সাধারণ গ্রাহকদের অফিস থেকে বের করে দেওয়া হয়। গত মঙ্গলবার থেকে দফায় দফায় কলকাতার সিটি সিভিল কোর্ট ও জেলা আদালতগুলিতে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আজ সরকারি পরিষেবা কেন্দ্রগুলিকে টার্গেট করায় আতঙ্ক কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিচারকদের পর এবার সাধারণ সরকারি কর্মচারীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগে।

পুলিশ ও ডগ স্কোয়াড ইতিমধ্য়েই বিভিন্ন স্পটে তল্লাশি চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজন বস্তু উদ্ধার হয়নি, তবুও বিষয়টিকে আর ‘নিছক রসিকতা’ হিসেবে দেখতে নারাজ লালবাজার। এই ধারাবাহিক মেইল বা বার্তার নেপথ্যে কোনো সুপরিকল্পিত অপরাধচক্র বা সাইবার আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। একের পর এক সরকারি দপ্তরে এই ‘বোমা-ভীতি’ জনজীবনেও বড়সড় প্রভাব ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy