দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে জুয়া খেলার আসরে জেতার টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার গভীর রাতে ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেড়োভাঙা এলাকায় এই ঘটনায় অভিজিৎ রাউৎ নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। অভিযোগ, তাঁর দুই সঙ্গী ভোলা ও নুরো তাঁর পেটে ছুরি চালিয়ে দেয় এবং লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চার যুবক মিলে জুয়া খেলতে বসেছিল। খেলায় অভিজিৎ জিতে যান এবং নিয়ম অনুযায়ী ভোলা ও নুরোর কাছে তাঁর পাওনা টাকা দাবি করেন। অভিযুক্তরা টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই ভোলা ও নুরো ধারালো ছুরি বার করে অভিজিতের পেটে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা চম্পট দেয়।
আক্রান্ত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়েই আতঙ্কিত অভিজিৎ জানান, “কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু ওরা যে ছুরি নিয়ে পেটে ঢুকিয়ে দেবে ভাবিনি!” এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।