রেললাইনের পাশেই যমদূত! সাত-আটটি বোমা উদ্ধার বীরভূমে, বড়সড় নাশকতার ছক?

রাজ্যে রেল চলাচলে যেন আতঙ্কের ছায়া পিছু ছাড়ছে না। কয়েকদিন আগেই কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ড এবং গত পরশু হাবড়া লোকালের ব্যাটারি বক্সে আগুনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। সেই রেশ কাটতে না কাটতেই এবার বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা। রেললাইনের ধার ঘেঁষে একটি ধান জমি থেকে প্রায় ৭-৮টি বোমা উদ্ধার করেছে রেল পুলিশ (GRP)।

বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ ও জিআরপি। অন্ধকারের মধ্যে আলোর বিশেষ ব্যবস্থা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাময়িকভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল পূর্ব রেল কর্তৃপক্ষ। রাতেই বম্ব স্কোয়াডকে খবর দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনার উপক্রম ও অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। কাটোয়া ও হাবড়ার ঘটনার পর সাঁইথিয়ায় এই বোমা উদ্ধার কি কোনও বড়সড় নাশকতার ছক ছিল? নাকি নিছকই দুষ্কৃতীদের ফেলে যাওয়া বিস্ফোরক— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রেল পুলিশের তরফে তল্লাশি চালানো হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy