রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড় উপহার নিয়ে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নবান্ন রাজ্যজুড়ে প্রায় ১২.৫৬ লক্ষ পড়ুয়ার হাতে তুলে দিতে চলেছে ‘সবুজ সাথী’র সাইকেল। সরকারি, সরকারি-পোষিত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ৫০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ নিগমকে ইতিমধ্যেই ১৫ লক্ষ সাইকেল সংগ্রহের টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্লক স্তরে সাইকেল পৌঁছে দিয়ে বিতরণ সম্পন্ন করা।
২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের (WSIS Award) স্বীকৃতি পেয়েছে। লোগো থেকে পরিকল্পনা—সবই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। এ পর্যন্ত ১ কোটি ৪৪ লক্ষেরও বেশি পড়ুয়া এই সুবিধার আওতায় এসেছে। স্কুলছুট কমানো এবং বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রীদের যাতায়াতে গতিশীলতা আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রায় ৯ হাজার স্কুলকে এই প্রক্রিয়ায় যুক্ত করে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করার কড়া বার্তা দিয়েছে নবান্ন।