পোষ্য কুকুরের সঙ্গে খেলাধুলা আর আদর করার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে, তা ভাবলেই শিউরে উঠছে বিশ্ব। ব্রিটেনের বাসিন্দা ৫২ বছর বয়সি মনজিৎ সঙ্ঘের জীবনে নেমে এল চরম বিপর্যয়। গত জুলাই মাসে অফিস থেকে ফিরে পোষ্য কুকুরের সঙ্গে খেলছিলেন তিনি। সেই সময় তাঁর হাতের একটি ছোট ক্ষতস্থানে সামান্য চেটে দিয়েছিল কুকুরটি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় শারীরিক অবস্থার দ্রুত অবনতি।
পরদিন সকালেই মনজিতের হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যেতে শুরু করে, ঠোঁট হয়ে যায় নীল। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত নিউ ক্রস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি ‘সেপসিস’ (Sepsis)-এ আক্রান্ত হয়েছেন। কুকুরের লালা থেকে ছড়িয়ে পড়া ব্যাক্টেরিয়ার সংক্রমণ তাঁর রক্তে মিশে গোটা শরীরে বিষক্রিয়া তৈরি করে। কোমা-তে চলে যাওয়া ওই মহিলা হাসপাতালের আইসিইউ-তে থাকাকালীন একে একে ৬ বার হার্ট অ্যাটাকের শিকার হন। প্রাণ বাঁচাতে চিকিৎসকরা তাঁর হাঁটু থেকে দুই পা এবং দুই হাত কেটে বাদ দিতে বাধ্য হন। এমনকি তাঁর প্লীহাও ফেলে দিতে হয়েছে।
৩২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি ফিরেছেন মনজিৎ। কিন্তু স্বাভাবিক জীবন এখন তাঁর কাছে অতীত। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য বর্তমানে তহবিল সংগ্রহ শুরু করেছেন তাঁর পরিবার। মনজিৎ আক্ষেপের সুরে বলেন, “বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন, আমি আবার নিজের পায়ে হাঁটতে চাই।” চিকিৎসকদের সতর্কবার্তা, পোষ্য প্রাণীর লালা থেকে অনেক সময় প্রাণঘাতী সংক্রমণ ছড়াতে পারে, যা সাধারণ মানুষের অজানা।