বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বার্ড ফ্লু (Avian Influenza) সংক্রমণের আতঙ্কে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব। জনস্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতসহ বিশ্বের ৩৯টি দেশ থেকে মুরগি, ডিম এবং পোল্ট্রিজাত পণ্য আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রক। রিয়াধের এই আচমকা সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি ব্যবসায় বড়সড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে বার্ড ফ্লু-র প্রাদুর্ভাব যে হারে বাড়ছে, তাতে সংক্রমণ রুখতে এই কঠোর পদক্ষেপ আবশ্যিক ছিল। বিশ্ব প্রাণিসম্পদ স্বাস্থ্য সংস্থার (WOAH) রিপোর্টের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ভারত ছাড়াও ইউরোপ ও এশিয়ার একাধিক দেশের নাম রয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে জ্যান্ত মুরগি, মাংস এবং ডিমের পাশাপাশি পোল্ট্রির কোনো সরঞ্জামও ওই দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না।
ভারতের পোল্ট্রি শিল্পের জন্য এটি একটি বড় দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় ডিম ও মুরগির বিশাল বাজার রয়েছে। সৌদি আরবের এই পদক্ষেপের ফলে রফতানি বাণিজ্যে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা। তবে সৌদি আরব জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোতে বার্ড ফ্লু পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি সবুজ সংকেত দিলে পুনরায় আমদানির বিষয়টি বিবেচনা করা হবে। আপাতত স্থানীয় উৎপাদন বৃদ্ধি করে দেশের চাহিদা মেটানোর দিকে নজর দিচ্ছে রিয়াধ।