শিল্পপতি অনিল আম্বানির জন্য বড়সড় দুঃসংবাদ। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর মুম্বইয়ের অতি-বিলাসবহুল আবাসন ‘অ্যাবোড’ (Abode) বাজেয়াপ্ত করল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) বা অর্থ তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এই সম্পত্তিবটির বাজারমূল্য আনুমানিক ৩৭১৬ কোটি টাকা।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনিল আম্বানি এবং তাঁর সংস্থা রিলায়েন্স এডিএ গ্রুপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অর্থ তছরুপের মামলার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। ‘অ্যাবোড’ মুম্বইয়ের অন্যতম দামি ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ব্যক্তিগত আবাসন। দক্ষিণ মুম্বইয়ের পালি হিল এলাকায় অবস্থিত এই বহুতলটি আম্বানি পরিবারের আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। ইডির এই পদক্ষেপের ফলে অনিল আম্বানির ব্যবসায়িক ও ব্যক্তিগত ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা লাগল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন বিদেশি ব্যাঙ্ক এবং ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের পাওনা মেটাতে না পেরে আইনি জটিলতায় জড়িয়ে ছিলেন অনিল। এর আগে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) দুর্নীতি মামলা এবং বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, তদন্তে অসহযোগিতা এবং অবৈধ আর্থিক লেনদেনের উপযুক্ত প্রমাণ মেলাতেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পর শিল্পমহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।