বিহারে ফের একবার বন্দুকবাজের তণ্ডবে রক্তাক্ত হলো বিয়ের আসর। চারদিকে সানাইয়ের সুর, আনন্দ-উৎসব আর আত্মীয়-স্বজনের ভিড়। কিন্তু মুহূর্তের মধ্যেই সব আনন্দ বদলে গেল আর্তনাদে। বরের সামনেই কনেকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে বিহারের এক প্রান্তিক গ্রামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ১৮ বছর বয়সী কনে বিয়ের আচার পালনে ব্যস্ত ছিলেন। তাঁর পাশে পরিবারের সদস্যরাও ছিলেন। ঠিক সেই সময় যখন বিবাহের চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছিল, ভিড়ের মধ্যে থেকে আচমকাই এক বন্দুকবাজ এগিয়ে আসে এবং খুব কাছ থেকে কনেকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে কেঁপে ওঠে বিয়ের প্যান্ডেল। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিয়ের আসরে ওত পেতে ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান, এটি কোনো ব্যক্তিগত শত্রুতা বা একতরফা প্রেমের করুণ পরিণতি হতে পারে। ঘটনার পর পরিবারের লোকজন তড়িঘড়ি কনেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি লাগার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কনের বোন ও অন্যান্য আত্মীয়রা হাসিমুখে আচার-অনুষ্ঠান করছিলেন। বিহার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। উৎসবের মেজাজ নিমেষেই বিষাদে পরিণত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।