ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলা ২০২৬ টি-২০ বিশ্বকাপ নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক তখনই কলকাতায় সক্রিয় হয়ে ওঠা একটি বড়সড় বেটিং চক্রের হদিস পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) লালবাজারের গোয়েন্দা বিভাগ শহরের ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের একটি অফিসে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রতীক পিঞ্চা (৩২)। তিনি আদতে রাজস্থানের বিকানিরের বাসিন্দা হলেও গত চার বছর ধরে হাওড়ার শিবপুরে থাকতেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন ওই অফিসে বসেই ‘স্কাইফেয়ার’ এবং ‘স্কাইএক্সচেঞ্জ’-এর মতো নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে অনলাইনে বেটিং চক্র চালাচ্ছিলেন প্রতীক। পুলিশের জালে ধরা পড়ার সময় তাঁর কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, একাধিক প্রিমিয়াম বেটিং অ্যাপ সম্বলিত মোবাইল ফোন এবং একটি হোটেলের চাবি উদ্ধার করা হয়েছে।
তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্রের জাল উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত। ধৃত যুবক নিজেকে কাগজের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তলে তলে তিনি বিশ্বকাপের প্রতিটি বল এবং স্কোরের ওপর কোটি কোটি টাকার বাজি ধরতেন। এই সিন্ডিকেটে আর কে কে জড়িত রয়েছে এবং টাকা কোথায় পাঠানো হত, তা জানতে প্রতীককে ২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। বিশ্বকাপের এই ভরা মরশুমে কলকাতার বুকে এমন চক্রের হদিস মেলায় শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে পুলিশ।