অসমের লখিমপুর জেলায় ঘটে গেল এক শিউরে ওঠা বর্বরোচিত ঘটনা। রাতের অন্ধকারে এক তরুণীকে তাঁর প্রেমিকের সামনেই তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল সাত জন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, কেবল শারীরিক নির্যাতনই নয়, ওই তরুণী ও তাঁর প্রেমিককে ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দাবি করে অভিযুক্তরা। শেষ পর্যন্ত ১০ হাজার টাকা নিয়ে তাঁদের মুক্তি দেওয়া হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। নির্জন স্থানে তাঁদের পথ আটকায় একদল দুষ্কৃতী। অভিযোগ, প্রথমে তাঁদের দুজনকে বেধড়ক মারধর করা হয় এবং প্রেমিকের হাত-পা বেঁধে রাখা হয়। এরপর সাত জন মিলে তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায়। এই নারকীয় ঘটনার পর অভিযুক্তরা তাঁদের কাছে থাকা নগদ টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। পরবর্তীকালে ফোন ফেরত দেওয়ার এবং ঘটনাটি কাউকে না জানানোর শর্তে ১০ হাজার টাকা দাবি করা হয়।
অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে এই লখিমপুর কাণ্ড। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।