বর্তমানে পিত্তথলিতে পাথরের সমস্যা অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের ধারণা এটি কেবল ওষুধের মাধ্যমেই সেরে যায়, কিন্তু এই সমস্যার মূলে রয়েছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা। পিত্তথলিতে পাথর জমার পেছনে মূল কারণ হলো পিত্তরসের ভারসাম্যহীনতা।
চিকিৎসকদের মতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে তা পিত্তরসে মিশে কঠিন দানা বা পাথরের আকার ধারণ করে। এ ছাড়া অতিরিক্ত ওজন বা স্থূলতা একটি অন্যতম বড় কারণ। আবার যারা ওজন কমানোর জন্য হুট করে দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন বা ক্রাশ ডায়েট করেন, তাঁদেরও পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
ফাইবার বা আঁশযুক্ত খাবারের অভাব এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলেও এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন বা গর্ভকালীন সময়ে এই ঝুঁকি কিছুটা বেশি থাকে। নিয়মিত ব্যায়াম না করা এবং পর্যাপ্ত জল পান না করার অভ্যাসও পিত্তথলিকে নিস্তেজ করে দেয়। তাই এই মরণ যন্ত্রণা থেকে বাঁচতে সময়মতো খাদ্যাভ্যাস পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।