ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সিবিআই-এর একটি সফল অভিযান। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৮৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট জিবু বি ম্যাথুকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শালিমার এক্সপ্রেস করে পশ্চিমবঙ্গ থেকে কেরলে ফেরার পথে অ্যালাপ্পুঝা স্টেশনে তাঁকে পাকড়াও করা হয়। তাঁর ট্রলি ব্যাগের গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় প্রায় ৪৫-৪৭ লক্ষ টাকা নগদ। সবটাই ছিল ৫০০ ও ২০০০ টাকার বান্ডিল।
তবে আসল চমক ছিল কমান্ড্যান্টের কেরলের বাড়িতে। সিবিআই তল্লাশিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাহাড়প্রমাণ টাকা— যার পরিমাণ প্রায় ৯৬ কোটি! অভিযোগ, সীমান্তে দায়িত্ব পালনকালে গরু, গাঁজা ও নিষিদ্ধ পণ্য পাচারের সুবিধার্থে আন্তর্জাতিক চোরাকারবারিদের কাছ থেকে নিয়মিত মোটা টাকা ঘুষ নিতেন তিনি। এই বিপুল পরিমাণ অর্থ তাঁর দীর্ঘদিনের অবৈধ উপার্জনের ফসল বলেই মনে করছেন তদন্তকারীরা। দেশের সুরক্ষায় নিয়োজিত একজন উচ্চপদস্থ অফিসারের এমন দুর্নীতির কাহিনী সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বর্তমানে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করে তাঁর সম্পত্তির উৎস খতিয়ে দেখছে সিবিআই।