উত্তরাখণ্ডে হাড়হিম করা গণধর্ষণ! দেওরের সামনেই বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গেল ৩ যুবক

উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকায় ঘটে গেল এক পৈশাচিক ঘটনা। অভিযোগ, বন্দুকের ভয় দেখিয়ে এক বিবাহিত মহিলাকে তাঁর দেওরের সামনে থেকেই অপহরণ করে গণধর্ষণ করেছে তিন যুবক। রবিবার রাত ৯টা নাগাদ গান্ধী পার্কের মেলা দেখে ফেরার পথে বাইপাসের কাছে এই নৃশংস হামলার শিকার হন ওই মহিলা। অভিযুক্তরা দুটি বাইকে চেপে এসে তাঁদের পথ আটকায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য— অভিযুক্তরা সম্ভবত মহিলার দেওরের পরিচিত।

অভিযোগ অনুযায়ী, অস্ত্র দেখিয়ে মহিলাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে একের পর এক যুবক তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে মহিলার হাতে আঘাত করা হয়। পৈশাচিকতার এখানেই শেষ নয়, পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা। রামপুরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়েরের পর একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে নির্যাতিতার দেওরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নারী নিরাপত্তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy