আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সন্দীপ ঘোষের পাশাপাশি তাঁর সহযোগী আশিস পাণ্ডে, বিপ্লব সিংহ, আফসার আলি এবং সুমন হাজরার জামিনের আবেদনও খারিজ করে দিয়েছেন। সিবিআই-এর স্পেশাল পিপি অমাজিৎ দে আদালতে যুক্তি দেন, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে ‘মা তারা ট্রেডার্স’-এর মতো সংস্থাকে কাজের বরাত দেওয়া এবং সিনিয়র রেসিডেন্ট ভর্তিতে ঘুষ নেওয়ার মতো একাধিক অনিয়মের তথ্যপ্রমাণ মিলেছে।
তদন্তকারী সংস্থার দাবি, সরকারি টাকার ব্যাপক অপব্যবহার হয়েছে এবং তদন্ত এখনও অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। যদিও সম্প্রতি খুন ও ধর্ষণের মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে, কিন্তু হাসপাতালের দীর্ঘদিনের আর্থিক দুর্নীতির চক্রে তাঁর জড়িত থাকার বিষয়টি কেন্দ্রীয় সংস্থা জোরালোভাবে তুলে ধরেছে। অন্যদিকে, এই মামলার অভিযোগকারী প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনও আগেই খারিজ হয়েছিল, সিবিআই-এর দাবি তিনিও এই দুর্নীতির সমপরিমাণ অংশীদার ছিলেন। সব মিলিয়ে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না আরজি করের প্রাক্তন ‘প্রভাবশালী’ অধ্যক্ষ।