দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বহুপ্রতীক্ষিত বিয়ের সানাই এখন তুঙ্গে। উদয়পুর শহর থেকে ২৫ কিমি দূরে আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত অতি বিলাসবহুল ‘আইটিসি মেমেন্টোস’ রিসোর্টে বসেছে এই চাঁদের হাট। ১১৭টি ভিলা, নিজস্ব নদী ও হ্রদ ঘেরা এই নিভৃত প্রাসাদে শুরু হয়ে গিয়েছে ‘বিরোশ’-এর বিয়ের কাউন্টডাউন। সম্প্রতি হবু দম্পতি তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের প্রস্তুতির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। বিজয়কে দেখা গিয়েছে বন্ধুদের সাথে পুল-সাইড ভলিবলে মেতে উঠতে, অন্যদিকে রশ্মিকা শেয়ার করেছেন তাঁদের বিশেষ ‘জাপানি ডিনার’-এর অন্দরসজ্জা। নজর কেড়েছে ডিনার টেবিলের ন্যাপকিনে খোদাই করা ‘VIROSH’ লোগোটি।
সূচি অনুযায়ী, মঙ্গলবার মেহেন্দির মাধ্যমে উৎসবের সূচনা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি সকালে গায়ে হলুদ এবং সন্ধ্যায় রয়েছে জমকালো সঙ্গীত অনুষ্ঠান। আগামী ২৬ ফেব্রুয়ারি মাত্র ১০০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুর উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। তবে অনুরাগীদের জন্য সুখবর হলো, আগামী ৪ মার্চ হায়দরাবাদে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করার কথা রয়েছে নবদম্পতির।