টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের শোচনীয় হারের পর ভারতীয় দলের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন বর্ষীয়ান অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, দলের ব্যাটিং অর্ডার এবং টিম কম্বিনেশনে একাধিক ‘ভুল’ ছিল, যার খেসারত দিতে হয়েছে ভারতকে। নিজের ইউটিউব চ্যানেলে টিম ম্যানেজমেন্টের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন অশ্বিন।
অশ্বিন সবচেয়ে বেশি অবাক হয়েছেন ফিনিশার রিঙ্কু সিং-এর ব্যাটিং পজিশন দেখে। এদিন রিঙ্কুকে নামানো হয়েছিল ৮ নম্বরে। অশ্বিন বলেন, “আপনার দলে ৮ জন স্বীকৃত ব্যাটার থাকা সত্ত্বেও রিঙ্কু সিং কেন ৮ নম্বরে নামবেন? এটা মানা যায় না।” তাঁর মতে, ওয়াশিংটন সুন্দরকে ৫ নম্বরে তুলে আনা এবং রিঙ্কুকে এত নিচে নামানো একটি বড় ভুল ছিল। অশ্বিন স্পষ্ট জানান, “সাউথ আফ্রিকা আমাদের শিক্ষা দিল যে বড় ম্যাচে অপ্রস্তুত হয়ে নামলে কী ফল হয়।”
ব্যাটিং অর্ডারের পাশাপাশি অক্ষর প্যাটেলকে দল থেকে বাদ দেওয়া নিয়েও সরব হয়েছেন অশ্বিন। অক্ষর বর্তমানে দলের সহ-অধিনায়ক এবং টি-২০ ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। অশ্বিনের যুক্তি, শুধুমাত্র ‘ম্যাচ-আপ’ (বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে অফ-স্পিনার) দেখার চক্করে অক্ষরকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো ঠিক হয়নি। আইপিএলে এমন কৌশল চললেও বিশ্বকাপের মতো মঞ্চে দলের ভারসাম্য বজায় রাখা বেশি জরুরি বলে মনে করেন তিনি।