ট্রাম্পের ট্যারিফ বোমা! একধাক্কায় বিশ্বব্যাপী ১৫% শুল্ক বৃদ্ধি, হুলুস্থুল বিশ্ববাজারে

বিশ্ব বাণিজ্যে ফের বড়সড় অস্থিরতা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ঘোষিত ১০ শতাংশ বিশ্ব শুল্ককে বাড়িয়ে একধাক্কায় ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, এই নয়া শুল্ক হার ‘সম্পূর্ণ অনুমোদিত এবং আইনত পরীক্ষিত’। মূলত মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর পূর্ববর্তী শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই এই পাল্টা কড়া পদক্ষেপ নিলেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়কে ‘অ্যামেরিকা বিরোধী’ বলে কটাক্ষ করেন। তিনি জানান, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ নম্বর ধারা ব্যবহার করে তিনি এই ১৫ শতাংশ শুল্ক কার্যকর করছেন। এই আইন অনুযায়ী, দেশের বাণিজ্য ঘাটতি মেটাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারেন, যা আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা।

তবে এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে ভারত, চিন এবং ইউরোপীয় দেশগুলোর রফতানি বাণিজ্য বড়সড় ধাক্কা খেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই জেদি অবস্থান আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং এর ফলে মার্কিন সাধারণ মানুষের ওপরেও আর্থিক চাপ তৈরি হবে। যদিও ট্রাম্পের দাবি, দশকের পর দশক ধরে যারা অ্যামেরিকাকে ‘লুট’ করেছে, তাদের শিক্ষা দিতেই এই কঠোর দাওয়াই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy