তামিলনাড়ুর ভোটার তালিকায় বিশাল কোপ! একধাক্কায় বাদ পড়ল ৭০ লক্ষ নাম

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই তামিলনাড়ুতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুদ্ধিকরণ বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর তালিকা থেকে একধাক্কায় ৭০ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন করে নাম নথিভুক্ত করেছেন ২৭ লক্ষের বেশি ভোটার।

সোমবার চেন্নাইতে এক সাংবাদিক বৈঠকে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক জানান, বর্তমানে সে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষের কিছু বেশি। মজার বিষয় হলো, পুরুষ ভোটারের (২ কোটি ৭৭ লক্ষ) তুলনায় মহিলা ভোটারের (২ কোটি ৮৯ লক্ষ) সংখ্যা সেখানে অনেকটাই বেশি। তালিকায় নতুন যুক্ত হওয়া অধিকাংশ ভোটারের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

তামিলনাড়ুতে তালিকা প্রকাশের পরেই এখন নজর বাংলার দিকে। চলতি মাসের শেষে বা মার্চের শুরুতেই পশ্চিমবঙ্গেও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। তামিলনাড়ুর মতো বাংলাতেও কি একই হারে নাম বাদ পড়বে? সেই আশঙ্কায় রয়েছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে কমিশন স্পষ্ট করেছে যে, নাম তোলা বা বাদ দেওয়ার প্রক্রিয়া একটি ধারাবাহিক কাজ, যা মনোনয়নের শেষ দিন পর্যন্ত চলতে পারে। কেরালা, অসম এবং পুদুচেরির সঙ্গে তামিলনাড়ুর এই নতুন তালিকা অনুযায়ীই আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy