তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আর এই গরম থেকে বাঁচতে এসি বা কুলারের ব্যবহার বাড়তেই যে বিষয়টি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলছে, তা হলো ইলেকট্রিক বিল। অনেক সময় দেখা যায়, সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করার পরেও মাসের শেষে বিলের অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। অনেকেরই অভিযোগ, যতটা বিদ্যুৎ খরচ হচ্ছে, মিটার তার চেয়ে অনেক বেশি রিডিং দিচ্ছে। আপনার বাড়িতেও কি ইলেকট্রিক মিটার অস্বাভাবিক দ্রুতগতিতে ঘুরছে? তবে এখনই সতর্ক হওয়ার সময়।
বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রিক বিল অস্বাভাবিক আসার পেছনে বেশ কিছু কারিগরি ও সচেতনতামূলক কারণ থাকে। প্রথমত, আপনার বাড়ির ওয়ারিং যদি পুরনো হয়, তবে ‘আর্থ লিকেজ’-এর কারণে বিদ্যুৎ অপচয় হতে পারে এবং মিটার দ্রুত ঘুরতে পারে। দ্বিতীয়ত, পুরনো আমলের ইলেকট্রনিক্স সরঞ্জাম যেমন পুরনো ফ্যান বা ফ্রিজ অত্যাধিক বিদ্যুৎ টানে। এই সমস্যা সমাধানে বর্তমানের ৫-স্টার রেটেড অ্যাপ্লায়েন্স ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
একটি বিশেষ ‘ট্রিক’ যা অনেকেই জানেন না—তা হলো আপনার মিটারের ‘নিউট্রাল’ চেক করা। অনেক সময় ভুল ওয়্যারিংয়ের কারণে নিউট্রাল পয়েন্ট থেকে বিদ্যুৎ লিক হয়, যা মিটারের রিডিং বাড়িয়ে দেয়। এছাড়া প্রতি মাসে বিল দেওয়ার আগে মিটারের ‘KWh’ রিডিং নিজে নোট করে রাখুন এবং বিদ্যুৎ পর্ষদের অ্যাপে তা মিলিয়ে দেখুন। অনেক সময় ভুল রিডিংয়ের কারণেও বিল বেশি আসে।
যদি দেখেন মিটার কোনো কারণ ছাড়াই দ্রুত ঘুরছে, তবে অবিলম্বে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করে মিটার পরীক্ষার আবেদন জানান। মনে রাখবেন, সামান্য সচেতনতা আর সঠিক রক্ষণাবেক্ষণ আপনার কষ্টার্জিত টাকা বাঁচাতে পারে।