‘লক্ষ্মীর ভাণ্ডার আসলে ফাইন!’ ভোট আসতেই মমতার প্রকল্প নিয়ে সেলিমের বিষ্ফোরক মন্তব্য, বামেদের বড় ঘোষণা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতির ময়দান তপ্ত করে তুললেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূলের সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)-কে সরাসরি আক্রমণ করে তিনি একে ‘ফাইন’ বলে অভিহিত করলেন। সেলিমের দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই, শিল্প নেই, আর সেই ব্যর্থতা ঢাকতেই মহিলাদের হাতে সামান্য কয়েকটা টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “এটি অধিকার নয়, এটি আসলে সরকারের ব্যর্থতার জরিমানা বা ফাইন।”

রবিবার এক সভায় সেলিম স্পষ্ট জানান, বামপন্থীরা মহিলাদের দাক্ষিণ্য বা ‘ভিক্ষে’ দিতে বিশ্বাসী নয়, বরং তাঁদের প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চায়। তবে বামেরা ক্ষমতায় এলে মহিলাদের ভাতার অঙ্ক ঠিক কত হবে, সেই বিষয়ে এদিন মুখে কুলুপ এঁটেছেন সেলিম। টাকার অঙ্ক উহ্য রেখেই তিনি বলেন, “বামেরা ক্ষমতায় এলে নারীরা সম্মানের সঙ্গে বাঁচবেন, তাঁদের সুরক্ষা এবং উপার্জনের স্থায়ী পথ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

নির্বাচনী রণকৌশল ঘোষণা করে মহম্মদ সেলিম জানান, আগামী ১ মার্চ থেকে রাজ্যজুড়ে বামেদের মেগা প্রচার অভিযান শুরু হবে। আর ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি ও তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করার চূড়ান্ত শপথ নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা কোনো বড় প্রতিশ্রুতি না দিয়ে সরাসরি ‘অধিকার’-এর কথা বলে সেলিম মধ্যবিত্ত ও শ্রমজীবী মহিলাদের মন জয়ের চেষ্টা করছেন। ১ মার্চের সেই প্রচার অভিযান থেকেই বামেদের বিকল্প ইস্তেহারের আভাস মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy