ভারতের গণপরিবহনে এক নতুন বিপ্লবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তরপ্রদেশের মেরঠে দেশের দ্রুততম মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন তিনি। ঘণ্টায় ১২০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে চলা এই মেট্রোটি এখন ভারতের দ্রুততম মেট্রো সিস্টেমের তকমা ছিনিয়ে নিয়েছে। এতদিন দিল্লির ‘এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন’ (১১০ কিমি/ঘণ্টা) এই তালিকার শীর্ষে থাকলেও, মেরঠ মেট্রো আজ সেই রেকর্ড ভেঙে দিল।
প্রধানমন্ত্রী এদিন শতাব্দী নগর স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে এই পরিষেবার সূচনা করেন এবং নিজেই মেট্রোয় চড়ে যাত্রার অভিজ্ঞতা নেন। এই মেট্রোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট মডেল’। এটিই দেশের প্রথম মেট্রো যা ‘নমো ভারত’ বা RRTS-এর পরিকাঠামো ব্যবহার করে একই ট্র্যাকে চলবে। মেরঠ দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত ২১ কিলোমিটারের এই পথ পার করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এই রুটে মোট ১৩টি স্টেশন রয়েছে, যার মধ্যে ৪টি স্টেশনে যাত্রীরা সরাসরি র্যাপিড রেল বা নমো ভারত ট্রেনে যাতায়াতের সুবিধা পাবেন।
মেট্রোটির অন্দরসজ্জা এবং প্রযুক্তি যে কোনো আন্তর্জাতিক মানের ট্রেনকে টেক্কা দিতে সক্ষম। প্রতিটি ট্রেন তিনটি কোচ বিশিষ্ট এবং এতে মোট ৭০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে ১৭৩টি বসার আসন রয়েছে। অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল রুট ম্যাপ এবং মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে বসানো হয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD)। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের ফলে দিল্লি থেকে মেরঠের দূরত্ব কার্যত ঘুচে গেল, যা উত্তরপ্রদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক মাইলফলক হয়ে থাকবে।