বলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত প্রেম এবং তার বিষাদময় বিচ্ছেদ নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন রণবীর কাপুর। ২০০৮ সালে ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে শুরু হওয়া রণবীর-দীপিকার সেই রূপকথার প্রেম কেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তা নিয়ে এবার সোজাসাপটা জবাব দিলেন অভিনেতা। দীপিকা পাড়ুকোন একসময় রণবীরের বিরুদ্ধে যে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘সিরিয়াল চিটার’ হওয়ার অভিযোগ এনেছিলেন, তার সত্যতা স্বীকার করে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন ঋষি-পুত্র।
রণবীর এক সাক্ষাৎকারে মেনে নিয়েছেন যে, অপরিপক্বতা এবং পরিস্থিতির চাপে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন। দীপিকাকে ঠকানোর প্রসঙ্গে রণবীর জানান, “আমি বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি এটা স্বীকার করতে দ্বিধা বোধ করি না।” অভিনেতার মতে, সেই সময় তিনি সম্পর্কের গভীরতা বুঝতেন না এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাই যে দীপিকার সঙ্গে বিচ্ছেদের মূল কারণ ছিল, তা আজ আর গোপন নেই। যদিও বর্তমানে দুজনেই নিজের জীবনে স্থিতু এবং পরস্পরের প্রতি তিক্ততা ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন, তবুও রণবীরের এই অকপট স্বীকারোক্তি পুরনো সেই বিতর্ককে আবারও উসকে দিল।