বীরভূমের রাজনীতিতে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল দুবরাজপুর। যে জেলায় অনুব্রত মণ্ডলের কথায় এক সময় বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত, সেখানেই আজ নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো ‘কেষ্ট’কে। শনিবার দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল যখন তাঁর কনভয় নিয়ে যাচ্ছিলেন, তখনই একদল তৃণমূল কর্মী আচমকা তাঁর গাড়ি ঘিরে ফেলেন। স্লোগান ওঠে ব্লক তৃণমূল কনভেনার তরুণ গড়াইয়ের বিরুদ্ধে। অভিযোগ, তরুণ গড়াইয়ের নেতৃত্বে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এবং একাধিক দুর্নীতির সাথে তিনি যুক্ত। প্রায় ৩ মিনিট ধরে অনুব্রতকে আটকে রেখে তাঁর হাতে একটি অভিযোগপত্রও তুলে দেন বিক্ষোভকারীরা। পরে নিরাপত্তা রক্ষীরা কোনোক্রমে পরিস্থিতি সামাল দিয়ে কনভয় বের করে নিয়ে যান। নিজের এলাকায় দলের অন্দরেই এমন ‘বিদ্রোহ’ ২০২৬-এর আগে অনুব্রতর কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল।