মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াইয়ে এক অভাবনীয় মোড় এল। এতদিন নীরব থাকলেও, এবার সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং তাঁর প্রভাব নিয়ে মুখ খুলল বিশ্বের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী ব্যাঙ্ক ‘জে পি মর্গান চেজ’ (J.P. Morgan Chase)। ব্যাঙ্কের সিইও জেমি ডিমন (Jamie Dimon) ট্রাম্পের অর্থনৈতিক দর্শন নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে চলা একাধিক মামলার আবহে এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জেমি ডিমন এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, ট্রাম্পের জমানায় আমেরিকার অর্থনীতি ও সীমান্ত নীতিতে কিছু ইতিবাচক দিক ছিল যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করে তিনি জানান, ট্রাম্পের সমর্থকদের ‘ঘৃণা’ করার পরিবর্তে তাঁদের ক্ষোভটা বোঝা দরকার। ওয়াল স্ট্রিটের এই মহীরুহের এমন মন্তব্য ট্রাম্পের আইনি ও রাজনৈতিক লড়াইকে এক নয়া অক্সিজেন দিল বলে মনে করা হচ্ছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি জে পি মর্গানের মতো প্রতিষ্ঠান ট্রাম্পের অর্থনৈতিক স্বচ্ছতার পক্ষে কোনো তথ্য পেশ করে, তবে জালিয়াতির মামলায় তাঁর পাল্লা ভারী হতে পারে। এই স্বীকারোক্তি কি তবে হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পকে এক ধাপ এগিয়ে দিল? প্রশ্ন এখন সেটাই।