বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় রদবদলের পর এবার বিদেশনীতিতে বড় চমক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ঘোষণা দিয়েছেন তিনি। সাম্প্রতিক অস্থিরতার কারণে দীর্ঘ দিন ধরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়েছিল, যার প্রভাব পড়েছিল ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তারেক রহমান এক বার্তায় জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটন, চিকিৎসা এবং জরুরি ব্যবসায়িক প্রয়োজনে যারা বাংলাদেশ সফরে আসতে চান, তাঁদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা হচ্ছে। গত কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে যে শীতলতা তৈরি হয়েছিল, তারেক রহমানের এই ঘোষণা সেই বরফ গলানোর এক সুকৌশলী প্রয়াস বলেই মনে করা হচ্ছে।
ঢাকার এই নতুন অবস্থান কেবল কূটনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বহু ভারতীয় প্রতি বছর নানা প্রয়োজনে বাংলাদেশে যাতায়াত করেন। ভিসা চালুর এই খবরে ওপার বাংলার পর্যটন শিল্পে আবার গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে তারেক রহমানের এই ঝোড়ো সিদ্ধান্তের পর দিল্লির পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।