আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বড়সড় মোড় নিল সুপ্রিম কোর্টে। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে যে ভোটার তালিকা প্রকাশিত হবে, তাকে এখনই ‘চূড়ান্ত’ বলা যাবে না। যে সমস্ত ভোটারদের তথ্য যাচাই বা স্ক্রুটিনির কাজ ২৮ তারিখের মধ্যে শেষ করা সম্ভব হবে না, তাঁদের জন্য পরবর্তীতে একটি সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এক দীর্ঘ শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম সংশোধন বা বাতিলের প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে কোনো ফাঁক রাখা যাবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, তথ্য যাচাইয়ের কাজ অসম্পূর্ণ রেখে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাই যেটুকু কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে, সেটুকুই ওই দিন প্রকাশিত হবে। বাকিদের জন্য পরবর্তী ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন।
এই পুরো প্রক্রিয়াটি যাতে নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তার জন্য কলকাতা হাইকোর্টকে বর্তমান এবং প্রাক্তন বিচার বিভাগীয় আধিকারিকদের (Judicial Officers) এই কাজে নিয়োগ করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। মূলত ভোটার তালিকা নিয়ে রাজ্যে যে অস্থিরতা ও অভিযোগের পাহাড় জমেছে, তা সামাল দিতেই সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি রাজ্যে এই প্রক্রিয়া চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকায় নিজের নাম না দেখলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই, সাপ্লিমেন্টারি লিস্টে সেই সুযোগ ফের থাকছে।