পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে এখন রাজ্যজুড়ে তুঙ্গে উন্মাদনা। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন যোগ্য আবেদনকারীরা। তবে আবেদনের ভিড় এতটাই বেশি যে, পোর্টালের ওপর চাপ কমাতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে ২৪ ঘণ্টা অনলাইনে আবেদন করা যাবে না; নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
নবান্ন সূত্রে খবর, যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে (https://apas.wb.gov.in) এখন থেকে শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। দিনের বাকি সময়টুকু অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সার্ভারের চাপ নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রশাসনিক কাজের জন্য পোর্টালটি আবেদন প্রক্রিয়ার জন্য বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। মূলত রাতভর অনলাইন উইন্ডো খোলা রেখে ট্রাফিক জ্যাম এড়ানোই সরকারের লক্ষ্য।
অন্যদিকে, যারা সশরীরে আবেদন জমা দিতে চান, তাদের জন্য ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’ চালু রয়েছে। এই ক্যাম্পগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবিরে গিয়ে সরাসরি আবেদন করা যাবে।
মনে রাখা জরুরি যে, ২১ থেকে ৪০ বছর বয়সী এবং ন্যূনতম মাধ্যমিক পাশ কর্মহীন যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রভিডেন্ট ফান্ড (PF) বা ইএসআই (ESI)-এর সুবিধাভোগীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে সরকারি স্কলারশিপ (যেমন ঐক্যশ্রী বা মেধাশ্রী) পেলেও যুবসাথীর টাকা পাওয়া যাবে। আগামী ১ এপ্রিল থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করবে।