জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ যেন কাটতেই চাইছে না। দিতিপ্রিয়া রায়ের প্রস্থানের পর থেকেই টিআরপি তালিকায় ধুঁকছে এই মেগা। স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’-র দাপটে স্লট হারিয়ে এখন সেরা দশে টিকে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই বোমা ফাটালেন ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘মীরা’ ওরফে তন্বী লাহা রায়।
সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তন্বী জানান, আচমকাই তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো আগাম বার্তা ছাড়াই মীরার গল্প অসম্পূর্ণ রেখে বিদায় নিতে হওয়ায় তিনি মর্মাহত। তন্বী লেখেন, “ভাবিনি মীরার গল্পটা এভাবে অসম্পূর্ণ থাকবে। কেন বিরতি দেওয়া হলো, জানি না।” তাঁর এই পোস্টে স্পষ্ট যে, নির্মাতাদের সিদ্ধান্তে তিনি খুশি নন। ইতিমধ্যেই তাঁর জায়গায় নতুন খলনায়িকা হিসেবে নবনীতা মালাকারকে আনা হয়েছে।
শুরুতে জীতু কমল ও দিতিপ্রিয়ার অনস্ক্রিন রসায়ন দর্শকদের টানলেও, অভিনেতা-অভিনেত্রীদের অন্তর্দ্বন্দ্ব এবং দিতিপ্রিয়ার মেগা ছাড়ার পর থেকেই পতনের শুরু। জীতু-অভ্রজিৎ সংঘাত থেকে শুরু করে চ্যানেলের সঙ্গে নির্মাতাদের মতভেদ— বিতর্ক যেন ছায়ার মতো লেগে আছে। এখন প্রশ্ন উঠছে, একের পর এক জনপ্রিয় মুখ বদলে কি আদৌ টিআরপি ফিরবে, নাকি অকালেই ইতি ঘটবে ‘চিরদিনই তুমি যে আমার’-এর?