দিল্লির কীর্তি নগরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি শাখায় লকার থেকে ৬০ লক্ষ টাকার সোনার গয়না উধাও হওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণীর দাবি, লকার খোলার পর তিনি দেখেন তাঁর গয়না নেই। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, লকারে কোনো কারচুপির চিহ্ন মেলেনি এবং প্রোটোকল মেনেই লকারটি খোলা হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও রেকর্ড খতিয়ে দেখছে বিশেষ অপরাধ দমন শাখা।
এই ঘটনা সাধারণ গ্রাহকদের জন্য এক বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞ ও আরবিআই (RBI) নির্দেশিকা বলছে, ব্যাঙ্ক লকারে রাখা সামগ্রীর সম্পূর্ণ দায় ব্যাঙ্কের নয়। মুম্বইয়ের আইনি বিশেষজ্ঞ অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, চুরির ক্ষেত্রে ব্যাঙ্ক বার্ষিক লকার ভাড়ার সর্বোচ্চ ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অর্থাৎ, আপনার গয়নার দাম কোটি টাকা হলেও, লকার ভাড়া ৪ হাজার টাকা হলে আপনি বড়জোর ৪ লক্ষ টাকাই ফেরত পাবেন।
সুরক্ষায় যা করা জরুরি:
লকার বিমা: উচ্চমূল্যের গয়না থাকলে ব্যক্তিগত লকার বিমা করা অত্যন্ত জরুরি।
ডকুমেন্টেশন: লকারে কী কী থাকছে তার বিস্তারিত তালিকা, ক্রয়ের রসিদ এবং গয়নার ছবি রাখা বাধ্যতামূলক।
আইনি অধিকার: গ্রাহক প্রয়োজনে এফআইআর (FIR) দায়ের করতে পারেন এবং নিরাপত্তার অবহেলা প্রমাণিত হলে উপভোক্তা আদালতের দ্বারস্থ হতে পারেন।