“চার কপি চিঠি, এক কপি আমার কাছেও আছে!” বামপন্থী মহিলা আইনজীবীর বিস্ফোরক দাবি নিয়ে ময়দানে কুনাল

শুক্রবার সকালে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। কুনাল অভিযোগের আঙুল তুলেছেন প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে। কুনালের দাবি, এক বামপন্থী মহিলা আইনজীবী তাঁর সহকর্মী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এবং বিচার চেয়ে দলের শীর্ষ নেতৃত্বকে চার পাতার একটি চিঠি লিখেছেন।

কুনাল ঘোষের দাবি অনুযায়ী, ওই চিঠির একটি কপি তাঁর হাতেও পৌঁছেছে। পোস্টে তিনি লিখেছেন, অভিযোগকারিণী ওই আইনজীবী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সিপিএম নেতৃত্ব ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কুনাল প্রশ্ন তুলেছেন, যাঁরা শিক্ষক নিয়োগ মামলায় ২৬ হাজার মানুষের চাকরি বাতিলের জন্য লড়েন এবং নীতি-আদর্শের কথা বলেন, তাঁরা কি এবার নিজের দলের মহিলা আইনজীবীকে বিচার পাইয়ে দেবেন? না কি অভিযুক্ত নেতাকে বাঁচাতেই ব্যস্ত থাকবেন?

তৃণমূল মুখপাত্র আরও জানিয়েছেন, সিপিএম সূত্র থেকেই তিনি এই চিঠির হদিশ পেয়েছেন। যদিও রাজনৈতিক মহলের একাংশ চিঠিটি প্রকাশ্যে আনার দাবি তুললেও কুনাল জানিয়েছেন, এখনই সেটি জনসমক্ষে আনার সময় আসেনি। নিয়োগ দুর্নীতির মামলার নায়ক বিকাশ ভট্টাচার্যকে এই ব্যক্তিগত ও নৈতিক অভিযোগে বিদ্ধ করে কুনাল ঘোষ যে বাম শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিলেন, তা বলাই বাহুল্য। এখন দেখার, আলিমুদ্দিন স্ট্রিট এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কোনো সাফাই দেয় কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy