মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের পথে সমস্ত আইনি বাধা সরে গেল। ভারতে বাবর বা বাবরি মসজিদের নামে কোনো মসজিদ তৈরি করা যাবে না—এই মর্মে দায়ের করা একটি আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা জারির কোনো আইনি ভিত্তি নেই।
ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের একটি ঘোষণাকে কেন্দ্র করে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে একটি ‘বাবরি মসজিদ’ নির্মাণের শিলান্যাস করেন তিনি। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। তাঁর যুক্তি ছিল, বাবর একজন ‘হিন্দু-বিরোধী আক্রমণকারী’ ছিলেন, তাই তাঁর নামে কোনো ধর্মীয় স্থাপত্য ভারতে হতে পারে না। তবে সুপ্রিম কোর্ট সেই যুক্তি গ্রাহ্য করেনি।
আদালতের এই রায়ে স্বভাবতই উচ্ছ্বসিত হুমায়ুন কবীর। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভারতের সংবিধানে যে কেউ মসজিদ বা মন্দির তৈরির অধিকার রাখে। আমি অসাংবিধানিক কিছুই করছি না।” তিনি আরও জানান, ওই চত্বরে কেবল মসজিদ নয়, একটি হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ও তৈরি করা হবে। ৩ শতাংশ মুসলিম জনসংখ্যার ভাবাবেগের কথা মাথায় রেখে এই নির্মাণ কাজ কোনোভাবেই থামানো যাবে না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। এই রায়ের ফলে মুর্শিদাবাদের ওই প্রকল্পের কাজ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।