“তৃণমূল নয়, সরকার দিচ্ছে!” যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী, মমতাকে সাধুবাদ জানিয়ে শোরগোল বঙ্গে

গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে ‘যুবসাথী’ (Yuva Sathi) প্রকল্পের ফর্ম পূরণ। আর এই প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের পাশাপাশি এবার লাইনে দেখা গেল বিরোধী শিবিরের পরিচিত মুখকেও। হুগলির গোঘাট-২ ব্লক অফিসে বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীর ফর্ম জমা দেওয়ার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আরামবাগ টাউনের মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্ত এদিন সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ছেলের জন্য যুবসাথীর ফর্ম জমা দেন। শুধু ফর্ম জমা দেওয়াই নয়, রাজ্য সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। সুদেষ্ণা দেবী স্পষ্ট জানান, “এই প্রকল্প যুব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্যে বেকার সংখ্যা কমানোর এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হয়।”

বিজেপি নেত্রীর এই মন্তব্য বিশেষ নজর কেড়েছে কারণ তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সরকারের এই কাজকে সমর্থন করেছেন। তাঁর কথায়, “এটি তৃণমূল দল দিচ্ছে না, দিচ্ছে সরকার। তাই এই সুবিধা পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে।” গোঘাট থেকে আরামবাগ—সবত্রই এই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি প্রকল্পের গ্রহণযোগ্যতা যে দলের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy