বেসরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান কি এবার হতে চলেছে? বর্তমানে এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS 95)-এর অধীনে অবসরপ্রাপ্তরা মাসে ন্যূনতম মাত্র ১০০০ টাকা পেনশন পান। মূল্যবৃদ্ধির বাজারে যা কার্যত নগণ্য। দীর্ঘদিন ধরে এই পেনশন বাড়িয়ে ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন ট্রেড ইউনিয়ন। এবার সেই দাবি নিয়ে লোকসভায় গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ট্রেড ইউনিয়নগুলোর দাবি সরকার খতিয়ে দেখছে। যদিও এখনই কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি, তবে পেনশন কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, কর্মচারীদের সামাজিক সুরক্ষা আরও জোরদার করতে পিএফ-এর বেতনসীমা বর্তমানের ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ বা ৩০,০০০ টাকা করা হতে পারে। যদি এই বেতনসীমা বাড়ে, তবে স্বাভাবিকভাবেই মাসিক পেনশনের অঙ্কও কয়েক গুণ বেড়ে যাবে। হিসেব বলছে, সেক্ষেত্রে ন্যূনতম পেনশন ৩,৫৭০ টাকা থেকে শুরু করে ১২,৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে দেশে প্রায় ৪৭ লক্ষ সক্রিয় পেনশনভোগী রয়েছেন। পেনশন তহবিল মূলত নিয়োগকর্তার ৮.৩৩ শতাংশ এবং কেন্দ্রীয় সরকারের ১.১৬ শতাংশ অবদানের ওপর ভিত্তি করে চলে। সাম্প্রতিক বাজেটে বড় কোনো ঘোষণা না হওয়ায় ক্ষোভ ছিলই, কিন্তু সরকারের নতুন এই পর্যালোচনার খবরে আশার আলো দেখছেন প্রবীণ নাগরিকরা। এখন দেখার, বাস্তবে কত দ্রুত এবং কতটা বৃদ্ধি পায় এই পেনশনের অঙ্ক।