বাংলায় ভোটের দামামা বাজতেই রাজনীতির ময়দান তপ্ত। আর সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার একাধিক ইস্যুতে মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন, লড়াইয়ের ময়দান থেকে তিনি বা তাঁর পরিবার পিছু হঠার পাত্র নন। বিশেষ করে খড়্গপুর আসন এবং তাঁর স্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে দিলীপের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিন দিলীপ ঘোষ স্পষ্ট জানান, প্রার্থী বাছাইয়ের জন্য দলে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং পার্লামেন্টারি বোর্ডই শেষ কথা বলবে। তবে সবথেকে বড় চমক ছিল বিজেপির ড্রপবক্সে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষের প্রার্থী হওয়ার আবেদন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, “ও দলের পুরনো কর্মী, নিজের ইচ্ছা জাহির করেছে। পার্টি যোগ্য মনে করলে টিকিট দেবে। আমাদের সংসারে রাজনীতি নতুন কিছু নয়।” রিঙ্কুর প্রার্থী হওয়া নিয়ে তাঁর কোনো আপত্তি নেই বলেও সবুজ সংকেত দিয়ে রেখেছেন তিনি।
পাশাপাশি উত্তরবঙ্গের দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, “প্রতিনিধি চলে গেলেও ভোটাররা বিজেপির সঙ্গেই আছে।” ভোটার তালিকা বা এসআইআর (SIR) প্রসঙ্গে দিলীপের বিস্ফোরক দাবি, প্রায় ৫০ লক্ষ ভুয়া ভোটার রয়েছে রাজ্যে, যা নিয়ে শাসকদল চরম আতঙ্কে ভুগছে। সব মিলিয়ে ভোটের মুখে দিলীপের এই রণংদেহী মেজাজ গেরুয়া শিবিরের অন্দরে নতুন সমীকরণ তৈরি করছে।