ভারতের কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে যেন আগ্নেয়গিরির উদগিরণ শুরু হয়েছে। দলের অন্দরে কোন্দল আর প্রাক্তনদের কড়া সমালোচনায় বিদ্ধ বাবর আজমের দেশ। এবার মেজাজ হারালেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। বিশেষ করে দলের টেলএন্ডার উসমান তারিক এবং আবরার আহমেদের ব্যাটিং দক্ষতা নিয়ে যা বললেন, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সরাসরি আক্রমণ শানিয়ে আক্রম বলেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচে উসমান আর আবরারের ব্যাটিং দেখে আমার হাসি পাচ্ছিল। ওরা ঠিকঠাক ব্যাট ধরতেও জানে না! দেখে মনে হচ্ছিল ওরা ক্রিকেট খেলছে না, ট্রেনের দরজা বন্ধ করছে।” আক্রমের মতে, বর্তমান টি-২০ যুগে বোলারদেরও নূন্যতম ব্যাটিং জ্ঞান থাকা বাধ্যতামূলক, যা এই পাক ক্রিকেটারদের মধ্যে অনুপস্থিত।
নিজের খেলার দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে ‘সুলতান অফ সুইং’ জানান, তিনিও নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন করতেন। তিনি আরও যোগ করেন, “মাঠে নামলে মনে হয় না আপনারা খেলাটা উপভোগ করছেন। নিজেদের ওপর বিশ্বাস নেই বলেই লড়াইটুকুও করতে পারছে না দল।” হারের পর এই ‘গৃহযুদ্ধ’ পরিস্থিতি পাকিস্তানের আসন্ন টুর্নামেন্টগুলোতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।