পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এটি স্পষ্ট যে, রাজ্য সরকার আর কর্মীদের প্রাপ্য টাকা আটকে রাখতে পারবে না। আগামী ৩১ মার্চের মধ্যেই বাংলার সরকারি কর্মীরা একটি বড়সড় আর্থিক সুখবর পেতে চলেছেন।
বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া সমস্ত ডিএ মেটাতে হবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ডিএ কোনো দয়া বা দান নয়, এটি কর্মীদের আইনত বলবৎযোগ্য অধিকার (Legally Enforceable Right)।
আদালতের দেওয়া সময়সীমা:
৬ মার্চের মধ্যে: বকেয়ার ২৫ শতাংশের প্রথম কিস্তি মেটাতে হবে।
৩১ মার্চের মধ্যে: মোট বকেয়ার ২৫ শতাংশ মেটানো সম্পন্ন করতে হবে।
১৫ এপ্রিল: নির্দেশ পালনের ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে রাজ্যকে।
বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর রোডম্যাপ তৈরির জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এদিকে, কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে ৬ লক্ষ শূন্যপদ থাকায় সরকারের যে বিপুল টাকা সাশ্রয় হচ্ছে, তা দিয়েই কর্মীদের এই হক মেটানো সম্ভব। তিনি অভিযোগ করেন, কর্মীদের টাকা অন্য প্রকল্পে খরচ করা হচ্ছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না।