ভোটের আগে রাজনৈতিক দলগুলির ‘বিনামূল্যে উপহার’ বা দান-খয়রাতি দেওয়ার প্রবণতা নিয়ে ফের কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, “আমরা আমাদের দেশে ঠিক কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছি?” নির্বাচনের বৈতরণী পার হতে জনগণের করের টাকা দিয়ে যেভাবে ‘ফ্রিবি’ বা দান-খয়রাতির প্রতিশ্রুতি দেওয়া হয়, তার ভবিষ্যৎ ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতিরা।
তামিলনাড়ু সরকারের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি চলাকালীন এই মন্তব্য করে আদালত। ওই পিটিশনে ২০২৪ সালের বিদ্যুৎ সংশোধনী বিধির ২৩ নম্বর বিধি বাতিল করার দাবি জানানো হয়েছিল। শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে যে, অনেক সময় রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে বিদ্যুৎ বা অন্যান্য পরিষেবায় অত্যধিক ছাড় বা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যার বোঝা শেষ পর্যন্ত দেশের অর্থনীতির ওপর পড়ে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, জনকল্যাণমূলক কাজ এবং নিছক রাজনৈতিক দান-খয়রাতির মধ্যে একটি সূক্ষ্ম রেখা থাকা উচিত। এই সংস্কৃতি ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোর ক্ষতি করছে কি না, তা নিয়ে এখন জাতীয় স্তরে আলোচনার প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।