বলিউডের অন্দরমহলে সম্পর্কের সমীকরণ কখন যে বদলে যায়, তা বোঝা দায়। তবে রণবীর কাপুরের ‘প্রাক্তন’ ক্যাটরিনা কাইফ এবং ‘বর্তমান’ আলিয়া ভাটের মধ্যে যে তিক্ততা নেই, তার প্রমাণ মিলল আরও একবার। সম্প্রতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের একরত্তি ছেলের জন্য এক বাক্স বিশেষ উপহার পাঠিয়েছেন আলিয়া। নিজের প্রতিষ্ঠিত শিশুদের পোশাক ও খেলনার ব্র্যান্ড ‘এড-আ-মাম্মা’ (Ed-a-Mamma) থেকেই এই ভালোবাসার ডালি পাঠিয়েছেন তিনি।
২০২২ সালে মা হওয়ার ঠিক আগে এই পরিবেশবান্ধব ব্র্যান্ডটির পথচলা শুরু করেছিলেন আলিয়া, যা বর্তমানে তারকা মায়েদের প্রথম পছন্দ। আলিয়ার পাঠানো সেই রঙিন উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি ক্যাটরিনা। ভিকি-পত্নী সেই উপহারের বাক্সের ছবি স্টোরিতে দিয়ে লিখেছেন, “ধন্যবাদ আলিয়া! এগুলো খুবই সুন্দর।” এই ছোট সৌজন্য বিনিময় নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেকে বলছেন, ব্যক্তিগত জীবনের পুরনো তিক্ততা সরিয়ে রেখে দুই অভিনেত্রী যেভাবে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখছেন, তা আধুনিক বলিউডের এক ইতিবাচক দিক।