টলিউডে ফের জমাট বাঁধছে রহস্য। ২০২৫ সালে ‘মৃগয়া: দ্য হান্ট’ দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পর, এবার পরিচালক অভিরূপ ঘোষ নিয়ে আসছেন সিরিজের পরবর্তী কিস্তি ‘মৃগয়া ১.৫’। এই ছবিতে গোয়েন্দাগিরি নয়, বরং পুলিশের মগজ আর পেশীর লড়াই দেখা যাবে এক অদৃশ্য আততায়ীর বিরুদ্ধে। তবে সিনেমার কাস্টিংয়ে রয়েছে বড় চমক। আগের কিস্তিতে বিক্রম চট্টোপাধ্যায় ও সৌরভ দাসকে দেখা গেলেও, এবার তাঁদের ছাড়াই এগোবে গল্পের চাকা।
ছবির গল্প আবর্তিত হয়েছে শ্রেয়াংশী নামের এক তরুণীকে কেন্দ্র করে, যে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে নির্যাতনের শিকার হয়। এই ঘটনার তদন্তে নামে শোভাবাজার থানার দক্ষ ওসি দেবাঞ্জন দত্ত (ঋত্বিক চক্রবর্তী) এবং এসআই জয়িতা সেন (কৌশানী মুখোপাধ্যায়)। তাঁদের সঙ্গে টিমে থাকছেন এসআই পরিতোষ সাহা (অর্পণ ঘোষাল) এবং সিনিয়রের ভূমিকায় অগ্নীশ্বর (মীর আফসার আলি)। তদন্তে নেমে তাঁরা এক ভয়ংকর আততায়ীর মুখোমুখি হন, যার সঙ্গে চলে ধুরন্ধর বুদ্ধির লড়াই। এই ছবিতে ঋত্বিকের চরিত্র দেবাঞ্জনের অতীতেরও কিছু অজানা দিক ফুটে উঠবে।
শ্রেয়াংশীর চরিত্রে দেখা যাবে অনন্যা ভট্টাচার্যকে এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আর্য দাশগুপ্ত। রানা মজুমদারের সঙ্গীত আর শুভদীপ নস্করের ক্যামেরায় ছবিটি এক টানটান থ্রিলারের অভিজ্ঞতা দিতে চলেছে। ‘মৃগয়া ১.৫’-এর চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। তবে ছবিটি কবে প্রেক্ষাগৃহে আসবে, তা এখনও গোপন রেখেছেন নির্মাতারা। ঋত্বিক-কৌশানী-মীরের এই ত্রিভুজ রসায়ন রহস্যের কতটা সমাধান করে, এখন সেটাই দেখার।