ইউকে-ভিত্তিক জনপ্রিয় টেক ব্র্যান্ড Nothing ভারতীয় গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করেছে। কোম্পানি জানিয়েছে, বর্তমানে ভারতীয় বাজারে তাদের এবং সাব-ব্র্যান্ড CMF-এর নামে প্রচুর পরিমাণে নকল অডিও ডিভাইস এবং চার্জার বিক্রি করা হচ্ছে। সম্প্রতি দিল্লি পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়ে ১১০০-এরও বেশি জাল চার্জার এবং TWS (ইয়ারফোন) বাজেয়াপ্ত করেছে।
কীভাবে ফাঁস হলো এই চক্র? নথিং ইন্ডিয়ার কো-ফাউন্ডার এবং প্রেসিডেন্ট অকীস ইভ্যাঞ্জেলিডিস একটি সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে, গত এক বছর ধরে এই জাল কারবার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দিল্লির বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে এই অভিযান চালানো হয়। তদন্তে দেখা গেছে, এমন কিছু কালার ভেরিয়েন্ট বা প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে যা আদতে নথিং কোনোদিন লঞ্চই করেনি।
অনলাইন বাজারেও জালিয়াতি: শুধু অফলাইন নয়, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও এই জাল প্রোডাক্টের ছড়াছড়ি। অনেক সময় প্রোডাক্টের রেটিং এবং রিভিউ কম থাকা সত্ত্বেও গ্রাহকরা সস্তার লোভে এগুলি কিনছেন। কোম্পানি স্পষ্ট জানিয়েছে, এই নকল প্রোডাক্টগুলি কেবল গুণমানে খারাপ তাই নয়, এগুলি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তার ঝুঁকিও রয়েছে।
ভারতের বাজারে নথিং-এর সাফল্য: সম্প্রতি বেঙ্গালুরুতে নিজেদের প্রথম ব্র্যান্ড স্টোর খুলেছে নথিং। কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে নথিং-এর স্মার্টফোন শিপমেন্ট ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয়তার এই তুঙ্গে থাকার সুযোগ নিয়েই জালিয়াতরা সক্রিয় হয়েছে। তাই গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন কেবল অফিসিয়াল স্টোর বা বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কেনাকাটা করেন।