টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারাল মারক্রাম বাহিনী। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন আরব আমিরাতকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে টানা চারটি ম্যাচ জিতে সুপার এইটে পা রাখল প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল, যারা গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই জয়ের স্বাদ পেল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। আমিরাতের পক্ষে আলিশান শরাফুর ৪৫ রানের লড়াইটি উল্লেখযোগ্য হলেও বাকিরা বিশেষ সুবিধা করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ বোলিং করে করবিন বস ১২ রানে ৩টি উইকেট দখল করেন, যা তাঁকে ম্যাচের সেরার সম্মান এনে দেয়।
১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল। অধিনায়ক মারক্রাম মাত্র ১১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরলেও, জয় নিশ্চিত করতে অসুবিধা হয়নি প্রোটিয়াদের। ডেওয়াল্ড ব্রাইভিস ২৫ বলে ৩৬ এবং রায়ান রিকেলটন ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় ত্বরান্বিত করেন। ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই দাপুটে জয়ের পর এবার সুপার এইটের লড়াইয়ে আগামী রবিবার আহমেদাবাদে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।