সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বহুচর্চিত আইপ্যাক (IPAC) মামলার শুনানি। ইডি এবং রাজ্য সরকারের সওয়াল-জবাবের মাঝেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ মার্চ। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আজকের মধ্যেই তাঁরা ‘রিজয়েন্ডার’ ফাইল করবেন। অন্যদিকে, রাজ্যের তরফে পাল্টা দাবি তোলা হয় যে, কেন্দ্রীয় সংস্থাকে কীভাবে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা আগে খোলসা করুক ইডি।
ঘটনার সূত্রপাত আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে। অভিযোগ, সেই তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত হয়ে তদন্তে বাধা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী রণকৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যান। এই পদক্ষেপের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইডি। যদিও মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি ছিল, ইডি দলের গোপন নথি ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছিল, যা রুখতেই তিনি সক্রিয় হয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বেই যাদবপুরে প্রতিবাদ মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, “আঘাত করলে আমি পুনর্জীবন পাই। কী করবে? জেলে ভরবে?” এর আগে কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি পিছিয়েছিল। আজ ১৮ ফেব্রুয়ারি শুনানির দিন থাকলেও, দোলের ছুটির পর ১৮ মার্চ ফের এই হাই-ভোল্টেজ মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।