মহারাষ্ট্রের বর্ষীয়ান নেতা অজিত পওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্তে এবার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ভারত। গত ২৮ জানুয়ারি বারামতীতে অবতরণের ঠিক আগে ভেঙে পড়েছিল অজিত পওয়ারের Learjet 45 বিমানটি। সেই দুর্ঘটনায় পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়। এবার দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ককপিটের শেষ মুহূর্তের কথোপকথন বা ‘ভয়েস রেকর্ডার’ বিশ্লেষণের জন্য নির্মাতা দেশের সরকারি বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছে এয়ারক্র্যাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিমানটিতে আগুন লাগার ফলে ব্ল্যাক বক্সের দুটি অংশই— ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ল্যাবরেটরিতে ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে বিমানের গতিবিধি সংক্রান্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ককপিটের কথোপকথন উদ্ধার করা এখনও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। যন্ত্রটি আমেরিকায় তৈরি হওয়ায় সেখানকার অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত সাহায্য চাওয়া হয়েছে।
উজ্জ্বল কমলা রঙের এই ব্ল্যাক বক্সই এখন তদন্তের প্রধান চাবিকাঠি। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল— ঠিক কী কারণে অবতরণের কয়েক মুহূর্ত আগে বিমানটি ধ্বংসস্তূপে পরিণত হলো, তার উত্তর লুকিয়ে আছে ওই ক্ষতিগ্রস্ত ভয়েস রেকর্ডারেই। গোটা দেশ এখন ককপিটের সেই শেষ বার্তার অপেক্ষায়।