হিন্দু সমাজকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার সরস্বতী শিশু মন্দিরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভাগবতের মতে, প্রজনন হার কমে যাওয়ার ফলে ভবিষ্যতে হিন্দু সমাজ বিলুপ্তির পথে এগিয়ে যেতে পারে। এই সংকট রুখতে প্রতিটি হিন্দু দম্পতিকে কমপক্ষে তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অনুপ্রবেশ ও ধর্মান্তরণ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন সংঘ প্রধান। তিনি সাফ জানান, লোভ দেখিয়ে বা জোর করে ধর্মান্তরণ অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি, দেশ থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বের করে দেওয়ার এবং তাঁদের কর্মসংস্থান বন্ধ করার পক্ষেও জোরাল সওয়াল করেন তিনি। ভাগবতের কথায়, “হিন্দুদের জন্য সরাসরি কোনো হুমকি না থাকলেও বর্তমানে চরম সতর্কতা প্রয়োজন।”
নারীশক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মহিলাদের দুর্বল ভাবা উচিত নয়, বরং তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। এছাড়া বর্ণবৈষম্য ভুলে সুবিধাবঞ্চিতদের মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। নববিবাহিত দম্পতিদের উদ্দেশ্যে তাঁর বার্তা, বিয়ের উদ্দেশ্য কেবল ব্যক্তিগত সুখ নয়, বরং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করা।