বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সোনার পর এবার রুপোর বাজারেও দেখা দিল বড়সড় ধস। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে রুপোর দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়েছিল, আজ তা কার্যত তলানিতে এসে ঠেকেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, গত ২৯ জানুয়ারি রুপো প্রতি কেজি ৪,২০,০৪৮ টাকার রেকর্ড ছুঁয়েছিল। সেই সর্বোচ্চ দরের তুলনায় বর্তমানে রুপো প্রায় ১.৮০ লক্ষ টাকা সস্তা হয়েছে।
বাজারের বর্তমান চিত্র: মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই এমসিএক্স (MCX)-এ রুপোর দাম ব্যাপকভাবে কমতে দেখা যায়। মঙ্গলবার ১ কেজি রুপোর ফিউচার প্রাইস প্রায় ৪,৬৮৫ টাকা কমে ২,৩৫,২০৬ টাকায় নেমে আসে। কলকাতার খুচরো বাজারেও রুপোর দাম এখন ২ লক্ষ ৪৫ হাজার টাকার নিচে ঘোরাফেরা করছে। অন্যদিকে, সোনাও তার সর্বোচ্চ দামের থেকে প্রায় ৩৮,০০০ টাকা সস্তা হয়েছে।
কেন এই পতন? বিশেষজ্ঞরা একে ‘মার্কেট কারেকশন’ হিসেবে দেখছেন। তাঁদের মতে, জানুয়ারি মাসে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় বিনিয়োগকারীরা এখন মুনাফা অর্জনের জন্য সোনা-রুপো বিক্রি (Profit Booking) শুরু করেছেন। এ ছাড়া বিশ্ব বাজারে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং আন্তর্জাতিক স্তরে সুদের হারের অনিশ্চয়তাও এই পতনের অন্যতম কারণ। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই পতনকে একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন কেউ কেউ।