রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে এবার মানবিকতার খাতিরে একজোট হলেন বিশ্ব ক্রিকেটের দিকপালরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের জেলবন্দি অবস্থায় শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের দুই কিংবদন্তি কপিল দেব এবং সুনীল গাভাসকর। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড এবং স্টিভ ওয়া-র মতো বিশ্বের ১৪ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা: সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ উঠেছে, সঠিক চিকিৎসার অভাবে তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট মহল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক যৌথ চিঠিতে প্রাক্তন অধিনায়করা আর্জি জানিয়েছেন, যাতে ইমরান খানকে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে উন্নত চিকিৎসা পরিষেবা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী মানবিক পরিবেশ দেওয়া হয়।
সীমানা ছাড়িয়ে সংহতি: চিঠিতে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, নাসের হুসেন এবং জন রাইটের মতো তারকারাও। কপিল-গাভাসকরদের মতে, “ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা স্টাম্প তোলার সাথেই শেষ হয়ে যায়, কিন্তু পারস্পরিক সম্মান চিরকাল বেঁচে থাকে।” একজন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপ্রধান হিসেবে ইমরান খানের সম্মানজনক বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে তাঁরা সওয়াল করেছেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রাক্তন সতীর্থ ও প্রতিপক্ষের জন্য ভারতীয় কিংবদন্তিদের এই সংহতি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।